Science & Tech

আকস্মিক আবিষ্কারে সৌরজগতের চেহারা নিয়ে নতুন ভাবনার সূত্রপাত

নিউইয়র্কের হেডেন প্ল্যানেটারিয়ামে প্রদর্শিত একটি শো চলাকালীন হঠাৎই সামনে আসে মহাকাশের এক চমকপ্রদ ছবি। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল ওয়ার্ট ক্লাউডকে ঘিরে দেখা যায় একটি সর্পিল (spiral) গঠন— যা এতদিন বিজ্ঞানীদের কল্পনাতেও ছিল না।

“এনকাউন্টার্স ইন দ্য মিল্কিওয়ে” নামের শো’টির প্রস্তুতিপর্বে এই গঠনটি প্রথম চোখে পড়ে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জ্যাকি ফাহার্টির। পরে বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ট ক্লাউড বিশেষজ্ঞ ডেভিড নেসভোরনি। তার দীর্ঘদিনের গাণিতিক মডেলের মধ্যে আগে এই চিত্রটি নজরে আসেনি, কারণ তিনি তা ত্রিমাত্রিকভাবে কখনও দেখেননি।

ওয়ার্ট ক্লাউড মূলত বরফের টুকরোয় ভরা একটি বিশাল অঞ্চল, যা সূর্য থেকে নেপচুনের চেয়ে হাজার গুণ দূরে ঘোরে। ধারণা করা হয়, এই অঞ্চলটি গোলাকার। তবে নতুন তথ্য বলছে, এর অভ্যন্তর ভাগে একটি সর্পিল আকৃতি রয়েছে।

নেসভোরনি জানান, সৌরজগত থেকে এত দূর হওয়ার কারণে ওয়ার্ট ক্লাউডের বস্তুগুলো সূর্যের টান ছাড়াও গ্যালাক্সির মাধ্যাকর্ষণ বলের (galactic tide) প্রভাবে থাকে। সেটিই সর্পিল গঠন তৈরি করছে।

এ আবিষ্কার বৈজ্ঞানিক গবেষণায় নতুন দ্বার খুলে দিচ্ছে। ফাহার্টির মতে, “সৌরজগতের গঠনের ইতিহাস বুঝতে হলে এর চারপাশের প্রকৃত চেহারাটা জানা জরুরি। হতে পারে, এ জায়গা থেকেই পৃথিবীতে পানি কিংবা প্রাণের উপাদান এসেছিল।”

তবে এই সর্পিল সত্যিই দৃশ্যমান কি না, তা নিশ্চিত করতে অনেক বেশি বরফঘেরা বস্তু পর্যবেক্ষণ দরকার। চিলির ভেরা সি. রুবিন টেলিস্কোপ ভবিষ্যতে হয়তো কিছু উত্তর দিতে পারবে। এখন পর্যন্ত এটি মূলত একটি তাত্ত্বিক মডেল হলেও, সৌরজগতকে বোঝার পথ আরও বিস্তৃত করল এই হঠাৎ পাওয়া ছবি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button