Science & Tech

নিজস্ব ফাইভ–জি নেটওয়ার্ক চালুর পথে ইলন মাস্কের স্পেসএক্স

ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান একোস্টারের কাছ থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলারের বিনিময়ে ওয়্যারলেস তরঙ্গ কিনতে চুক্তি করেছে। এই তরঙ্গ ব্যবহার করে স্টারলিংকে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক যুক্তের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের এ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে স্পেসএক্সের নিজস্ব ফাইভ–জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা তৈরি হলো।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্ক বাজারে ভেরাইজন, এটিঅ্যান্ডটি ও টি-মোবাইলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর প্রভাব রয়েছে। আর তাই স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট–নির্ভর প্রতিষ্ঠানের পাশাপাশি সম্ভাব্য মোবাইল অপারেটর হিসেবেও প্রতিষ্ঠিত করতে চাইছেন মাস্ক। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকার পাবেন গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীরা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজেও ইঙ্গিত দিয়েছেন, নতুন তরঙ্গ যুক্ত হলে ‘যেকোনো জায়গা থেকে ফোনে ভিডিও দেখা সম্ভব হবে।’ চুক্তির অংশ হিসেবে একোস্টারের অধীনস্থ বুস্ট মোবাইলের গ্রাহকেরাও স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ সেবার আওতায় আসবেন। এতে প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। বিষয়টি স্বীকার করে একোস্টারের প্রেসিডেন্ট হামিদ আখাভান জানান, এ চুক্তির মাধ্যমে বুস্ট গ্রাহকেরা আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট সেবা পাবেন।

আপাতত স্পেসএক্সের লক্ষ্য হলো নতুন তরঙ্গ কাজে লাগিয়ে স্টারলিংকের স্যাটেলাইটকে সরাসরি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা। উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে ব্যবহারকারীদের শুধু স্থলভিত্তিক টাওয়ারের ওপর নির্ভর করতে হবে না। স্যাটেলাইটের মাধ্যমে কল করার পাশাপাশি ভিডিও স্ট্রিমও করা যাবে।

প্রসঙ্গত, স্টারলিংক টি-মোবাইলের সঙ্গে যৌথভাবে ‘টি-স্যাটেলাইট’ নামে স্যাটেলাইটনির্ভর বার্তা আদান–প্রদানের সেবা চালু করেছিল। সেবাটি নিবন্ধনের ভিত্তিতে ব্যবহারের সুযোগ মিলত। নতুন স্পেকট্রাম কেনার চুক্তির পর স্পেসএক্স চলতি বছর থেকেই ডেটা সেবা চালু করার ঘোষণা দিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভয়েস কলের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button