International

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে উভয় দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য সাংবাদিকদের জানান তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

মুখপাত্র ডুজারিক বলেন, গত ২৪ ঘণ্টায় মহাসচিব সরাসরি ওই দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে এবং গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আমরা এ ঘটনায় স্পষ্ট নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, মহাসচিব দুই সরকারকেই ধৈর্য ধরতে বলেছেন। যাতে পরিস্থিতি আর খারাপের দিকে না যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করেছেন। জাতিসংঘ বিশ্বাস করে, পাকিস্তান ও ভারতের মধ্যকার যেকোনো বিরোধ শান্তিপূর্ণভাবে, পারস্পরিক ও অর্থপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এরই মধ্যে দুই দেশেই পাল্টাপাল্টি নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button