Science & Tech

২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক

ফেব্রুয়ারি মাসের রাতের আকাশ শীতকালীন নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণের সেরা সময়। শীতের কুয়াশা না থাকায় সপ্তাহজুড়েই আকাশে মহাজাগতিক অনেক চমক দেখা যাবে। এ সপ্তাহের আকাশে যা যা দেখা যাবে, সেগুলো দেখে নেওয়া যাক।

১৫ ফেব্রুয়ারি

আজ শনিবার বাংলাদেশের আকাশে গ্রহের মেলা দেখা যাবে। সন্ধ্যার আকাশে বুধ গ্রহ দেখা যাবে ৬টা ১৩ মিনিট পর্যন্ত। বুধগ্রহ স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হলেও শুক্রগ্রহ দেখা যাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৮ মিনিট পর্যন্ত। মঙ্গল গ্রহ সন্ধ্যা থেকে ভোররাত ৪টা ২৪ মিনিট পর্যন্ত এবং বৃহস্পতি গ্রহ দেখা যাবে সন্ধ্যার পর থেকে রাত ১টা ৩৭ মিনিট পর্যন্ত। এদিন আকাশে ক্যাসিওপিয়া নামের তারকাপুঞ্জ পর্যবেক্ষণ করা যাবে। তবে শনি, নেপচুন ও ইউরেনাস গ্রহ দেখতে বেশ কষ্ট হবে।

১৬ ফেব্রুয়ারি

সন্ধ্যার পর থেকে আকাশে শুক্র গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। তবে একটু খেয়াল করলেই মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দেখার সুযোগ মিলতে পারে। তিনটি গ্রহই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দেখা যাবে। তবে এদিন শনি, ইউরেনাস, বুধ ও নেপচুন স্পষ্টভাবে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যার আকাশে দুরবিন বা বাইনোকুলারের মাধ্যমে ক্যামেলোপারডালিস নামের তারকাপুঞ্জে দেখা যাবে।

১৭ ফেব্রুয়ারি

এদিন সন্ধ্যায় শুক্র গ্রহ যেকোনো টেলিস্কোপের আইপিস থেকে দেখলে ২৫ ভাগ বেশি আলোকিত অবস্থায় দেখা যাবে। দৃশ্যত গ্রহটির আপাত ব্যাস বর্তমানে ৪০ আর্কসেকেন্ড। আকাশে খুব ছোট কোণ পরিমাপ করতে জ্যোতির্বিদ্যায় একক হিসেবে আর্ক সেকেন্ড ব্যবহার করা হয়ে থাকে। দিনের বেলায় ভার্গো তারকামণ্ডলের স্পিকা নামের আলোকিত তারার পাশেই অবস্থান করবে আমাদের চাঁদ, যদিও তা দিনের আকাশে দেখার সুযোগ পাব না আমরা।

১৮ ফেব্রুয়ারি

আকাশে শুক্র গ্রহ স্পষ্টভাবে অবস্থান করবে সন্ধ্যার সময়। অন্যদিকে মধ্যরাত পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ। এদিন রাত একটার সময় চাঁদ পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে অর্থাৎ ৪ লাখ ৪ হাজার ৮৮২ কিলোমিটার দূরে অবস্থান করবে।

২০ ফেব্রুয়ারি

রাত ১১টার সময় ক্যানসার তারকামণ্ডলের এম৪৪ নামের তারকাসংঘ দেখা যাবে। যেকোনো সাধারণ বায়নোকুলার দিয়েই এই তারকাসংঘ দেখা যাবে। এদিন চাঁদের শেষার্ধ দেখারও সুযোগ মিলবে। এর পাশাপাশি সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে বৃহস্পতি গ্রহ সবচেয়ে আলোকিত অবস্থায় দেখা যাবে।

২১ ফেব্রুয়ারি

দিনের বেলায় চাঁদের অবস্থান থাকবে বৃহৎ লাল তারকা অ্যান্টারেসের কাছে। সকাল ১০টার সময় সূর্য থেকে ৮৩ ডিগ্রি দূরে চাঁদের অবস্থান দেখা যাবে।  এদিন রাত ৯টা ০৭ মিনিটে আকাশের ঠিক মাঝখানে মঙ্গল গ্রহ দেখা যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button