Trending

ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন, সরানো হচ্ছে লাখো মানুষকে

ভিয়েতনামে ধেয়ে আসছে টাইফুন কাজিকি। এর আঘাত থেকে রক্ষায় আজ সোমবার উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছর ভিয়েতনামে আঘাত হানতে চলা পঞ্চম টাইফুন এটি। বর্তমানে টাইফুনটি সাগরে অবস্থান করছে। এর প্রভাবে টংকিন উপসাগরে সাড়ে ৯ মিটার (৩১ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি উপকূলীয় প্রদেশের অন্তত ৩ লাখ ২৫ হাজার ৫০০ বাসিন্দাকে স্কুল ও সরকারি ভবনে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এসব ভবনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

গতকাল রাতে সমুদ্রতীরবর্তী ভিন শহর প্লাবিত হয়ে যায়। সকালে রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। অধিকাংশ দোকান ও রেস্তোরাঁ বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিজেদের ভবনের প্রবেশপথ বালুর বস্তা দিয়ে আটকে রেখেছেন।

আজ সকাল হওয়ার আগেই গতকাল প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

টাইফুনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকাকে বন্দরে ডেকে আনা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button