Science & Tech

রুশ ঘনিষ্ঠতার অভিযোগ : যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো ক্যাসপারস্কির সব সফটওয়্যার

গুগল প্লে স্টোর থেকে আকস্মিকভাবে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। শুধু অ্যাপ সরানোতেই সীমাবদ্ধ না থেকে, গুগল ক্যাসপারস্কির ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে। বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, গত সপ্তাহ থেকে তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ, ভিপিএন ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না। 

ক্যাসপারস্কির অফিসিয়াল ফোরামে বিষয়টি নিয়ে বলা হয়েছে যে, কেন তাদের অ্যাপ গুগল প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না, তা নিয়ে তদন্ত চলছে। ব্যবহারকারীরা আপাতত গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির কোনো অ্যাপ ডাউনলোড বা আপডেট করতে পারছেন না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যার সম্ভাব্য কারণ খুঁজে পেয়ে যত দ্রুত সম্ভব এর সমাধানের ব্যবস্থা করা হবে। যদিও ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে অ্যাপটি পাচ্ছেন না, তবে তারা ক্যাসপারস্কির নিজস্ব ওয়েবসাইট, গ্যালাক্সি স্টোর, হুয়াওয়ে অ্যাপ গ্যালারি এবং শাওমির গেট অ্যাপস থেকে অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ডাউনলোড করার পর, সাপোর্ট পেজে দেওয়া নির্দেশিকা অনুযায়ী কীভাবে ইনস্টল করতে হবে, তা দেখে নিতে হবে। 

প্রসঙ্গত, গত জুন মাসে যুক্তরাষ্ট্র সরকার ক্যাসপারস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তোলে এবং তাদের সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর, ২৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কির সফটওয়্যার হালনাগাদ, বিক্রি এবং লাইসেন্স ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পর ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবেই গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যাপ সরানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ক্যাসপারস্কির প্রধান কার্যালয় রাশিয়ার মস্কোতে হলেও, বিশ্বের ৩১টি দেশে তাদের শাখা রয়েছে। তাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার বর্তমানে ৪০ কোটির বেশি ব্যবহারকারী ব্যবহার করে থাকেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button