Science & Tech

শব্দসহ ভিডিও তৈরির এআই টুল তৈরি করেছে মেটা, তবে…

লিখিত প্রম্পটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরির সুযোগ দিতে ‘মুভি জেন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, টুলটি দিয়ে লিখিত প্রম্পটের সাহায্যে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এর ফলে নির্দিষ্ট কোনো ঘটনা বা স্থানের বর্ণনাসহ সম্ভাব্য দৃশ্যের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী শব্দসহ ভিডিও তৈরি করে দেবে টুলটি। টুলটি দিয়ে বিভিন্ন দৃশ্যের সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সংগীত তৈরির পাশাপাশি চাইলে যেকোনো ভিডিও সম্পাদনাও করা যাবে।

মেটার তথ্যমতে, মুভি জেন টুলটির মাধ্যমে সর্বোচ্চ ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এবং সর্বোচ্চ ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের অডিও তৈরি করা যাবে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির সুযোগ থাকায় টুলটি দিয়ে সহজেই রিলস, ছোট আকারের বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে মুভি জেন টুলটি রানওয়ে, ওপেনএআই, ইলেভেনল্যাবস ও ক্লিং–এর এআই টুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

এআই ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করে গুজব ছড়ানোর শঙ্কা থাকায় টুলটি এখনই সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেটা। বিভিন্ন নিরাপত্তাসুবিধা যুক্ত করে আগামী বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে টুলটি যুক্ত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button