International

ইসরায়েলের হামলায় হামাসপ্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই, যিনি ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন এবং পরে নিহত হন। বুধবার (২৮ মে) এ তথ্য জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘আমরা হামাসের নেতৃত্বের শীর্ষ স্তরে আঘাত করছি। মোহাম্মদ সিনওয়ার, যিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই এবং গাজার হামাস অপারেশনের প্রধান, তাকে হত্যা করেছি।’ তবে তিনি কবে এবং কোথায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা স্পষ্ট করেননি।

তবে সেনা সূত্রে জানা যায়, গত ১৩ মে দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি বিমান হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করে, সেখানে হামাসের একটি ‘ভূগর্ভস্থ কমান্ড সেন্টার’ ধ্বংস করা হয়েছে, যা মোহাম্মদ সিনওয়ারের উপস্থিতির কেন্দ্র ছিল। সেই হামলায় অন্তত ২৮ জন নিহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল।

হামাস এখনও মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে হামাস প্রায়ই নিজেদের নেতৃবৃন্দের অবস্থান গোপন রাখে কৌশলগত কারণে।

মোহাম্মদ সিনওয়ারকে ইসরায়েল বহুদিন ধরেই অন্যতম প্রধান টার্গেট হিসেবে দেখছিল। তার বিরুদ্ধে গোপন টানেল নেটওয়ার্ক পরিচালনা এবং হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের অপারেশন ব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অভূতপূর্ব হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখন পর্যন্ত ৬০০ দিনের বেশি সময় ধরে চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দীর্ঘমেয়াদী অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৪,০৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button