
এবারের হজে অংশ নিলেন ১৭ লাখের বেশি তীর্থযাত্রী
চলতি বছর পবিত্র হজ পালন করেছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন তীর্থযাত্রী। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান সংস্থা General Authority for Statistics (GASTAT) প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, মোট তীর্থযাত্রীর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন। এছাড়া সৌদি আরবের অভ্যন্তর থেকে হজে অংশ নিয়েছেন আরও ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অন্যদিকে, ইরান থেকে হজ পালন করতে সৌদি আরবে গেছেন ৩০ হাজার তীর্থযাত্রী।
তুলনামূলকভাবে, ২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। এবারের হজে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
নারী-পুরুষের অংশগ্রহণ
জনসংখ্যাতাত্ত্বিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের হজে অংশ নেওয়া মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন তীর্থযাত্রীর মধ্যে ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন ছিলেন পুরুষ এবং ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন ছিলেন নারী। এই পরিসংখ্যান অনুযায়ী হজে পুরুষ ও নারীর অংশগ্রহণ প্রায় কাছাকাছি ছিল, যা এবারের হজের একটি গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত চিত্র তুলে ধরে।
আকাশপথে এসেছেন সবচেয়ে বেশি হজযাত্রী
আন্তর্জাতিক তীর্থযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে এবারের হজে আকাশপথই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। মোট ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন হজযাত্রী বিমানে সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া স্থলপথে এসেছেন ৫৪ হাজার ৪২৯ জন এবং সমুদ্রপথে এসেছেন ৬ হাজার ৪৯৭ জন। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, আন্তর্জাতিক হজযাত্রীদের বৃহৎ অংশই দ্রুত ও সহজ যাতায়াতের জন্য আকাশপথকে বেছে নিয়েছেন।
মক্কা রুট ইনিশিয়েটিভে সুবিধা
হজের প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে সৌদি প্রশাসন নানাভাবে কাজ করে চলেছে। প্রতিবছর তাই তুলনামূলকভাবে হজে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। এই বছরও এর ধারাবাহিকতায় কিছু ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
হজযাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে চালু করা ‘এক্সপেডিটেড মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর সুবিধা নিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৬৯৪ জন তীর্থযাত্রী। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীরা নিজ দেশ থেকেই সৌদি আরবে প্রবেশ ও শুল্ক সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পান, ফলে হজযাত্রা আরও সহজ ও সময় সাশ্রয়ী হয়েছে।






