USA

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি নিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন ও হরমোন থেরাপি নেওয়া শুরু করেছেন। শনিবার বাইডেনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বাইডেনের মুখপাত্র বলেন, ‘প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে (সাবেক) প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন।’

গত মে মাসে বাইডেনের ক্যানসার হওয়ার কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। তখন ৮২ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে।

ক্যানসার শনাক্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জো বাইডেন লেখেন, ‘ক্যানসার আমাদের সবাইকে স্পর্শ করে। আপনাদের অনেকের মতো, জিল ও আমিও এই বিষয়টি বুঝতে শিখেছি যে ভঙ্গুর অবস্থায় আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হই। ভালোবাস ও সমর্থন নিয়ে আমাদের পাশে থাকায় আপনাদের ধন্যবাদ।’

বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছিলেন।

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, পুরুষেরা প্রোস্টেট ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়।

গবেষণা বলছে, ৮০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রায় ৮০ শতাংশের প্রোস্টেট গ্রন্থিতে ক্যানসারজনিত কিছু কোষ থাকতে পারে।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে প্রোস্টেট ক্যানসার অনেকটা ভালো হয়। তা সত্ত্বেও প্রোস্টেট ক্যানসার পুরুষদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ।

হরমোন থেরাপি একটি সাধারণ চিকিৎসাপদ্ধতি, যা টিউমারকে ছোট করতে এবং ক্যানসারের বৃদ্ধিকে ধীর করতে সাহায্য করে। কিন্তু এর মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া যায় না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button