International

ফ্রান্সে বাজেট কাটছাঁট: ‘সবকিছু অবরোধের’ ডাক বিক্ষোভকারীদের, গ্রেপ্তার ২০০

ফ্রান্সে রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ এবং বাজেটে পরিকল্পিত কাটছাঁটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার দেশজুড়ে ‘সবকিছু অবরোধের’ ডাক দেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরে যানবাহন চলাচলে বাধা দেন। পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভকারীদের অনেকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গত সোমবার পার্লামেন্টে বাজেট নিয়েই এক আস্থা ভোটে তাঁর পছন্দের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয়। ফলে দুই বছরের কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হয় মাখোঁকে। বর্তমানে রাজনৈতিকভাবে নড়বড়ে অবস্থানে রয়েছেন তিনি।

প্যারিসে বিক্ষোভে ছিলেন ফ্রেড নামে আন্দোলনকারীদের একজন প্রতিনিধি। মাখোঁর পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘সেই একই গল্প, একই অবস্থা। শুধু মন্ত্রীরা নন, সমস্যা মাখোঁ নিজেই। মন্ত্রীরাও সমস্যা বটে। কিন্তু মাখোঁ ও তাঁর কাজের ধরন আরও সমস্যাজনক। এ কারণেই তাঁকে সরে যেতে হবে।’

আজ বিক্ষোভ চলাকালে প্যারিসে একটি স্কুলের প্রবেশপথ অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা নগরীর একটি রেলস্টেশনে প্রবেশ করতে চাওয়া বিক্ষোভকারীদের একটি দলকে আটকে দিয়েছে। ফ্রান্সের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অবরোধ দমন করতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভে কাঁদানে গ্যাসের শেলে লাথি দিচ্ছেন এক তরুণ

বিক্ষোভে কাঁদানে গ্যাসের শেলে লাথি দিচ্ছেন এক তরুণ

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটায়ো সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারীরা ফ্রান্সের পশ্চিমাঞ্চলের রেনে শহরে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। কিছু বিক্ষোভকারী ভারী কংক্রিটের টুকরা দিয়ে পুলিশের ওপর হামলা করেন। দিনের বাকি বিক্ষোভ সমাবেশগুলোতে ‘কট্টরপন্থী ও চরম বামপন্থী গোষ্ঠী’ অনুপ্রবেশ করতে পারে এবং তা সহিংসতায় রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button