International

সিরিয়ায় ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংসের দাবি ইসরায়েলের

সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে অবস্থিত। খবর এক্সিওসের। 

বৃহস্পতিবার তিনটি সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, গেল সপ্তাহে ওই অভিযান চালায় তেলআবিবের সেনারা। গোপন ওই কারখানায় নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। ইরানের সহযোগিতায় সিরিয়ার মাসাফে মাটির নিচে এই কারখানাটি তৈরি করা হয়েছিল।

এক্সিওস জানিয়েছে, এই কারখানা ধ্বংসের বিষয়টি ইরান ও লেবাননের হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা। কারণ ইরানের লক্ষ্য ছিল সিরিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র তৈরি করে সেগুলো দ্রুত তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর হাতে তুলে দেওয়া।

গত সপ্তাহে হেলিকপ্টারে করে ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনারা সেখানে যায়। ওই সময় চারপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয়। যেন সিরিয়ার সেনারা সেখানে না আসতে পারেন।

এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই কারখানা থেকে গোপন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। এরপর তারা সঙ্গে করে নিয়ে যাওয়া বিস্ফোরক দিয়ে কারখানাটি ধ্বংস করে দেয়। ওই সময় কারখানায় যেসব সিরিয়ান গার্ড ছিল তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করে ইসরায়েলিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, সেনারা কয়েকজন ইরানিকে আটক করেছে। তবে তাদের সর্বশেষ অবস্থানের বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে দখলদার ইসরায়েল এর আগেও দুইবার কারখানাটি ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা পরিকল্পনা পরিবর্তন করেছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button