International

আলোচনায় বসতে চায় ইউক্রেন, রাশিয়া ‘শান্তির জন্য প্রস্তুত’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।

মঙ্গলবার কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চিঠি পড়ে শোনান। এসময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে। এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি।

ভাষণে ট্রাম্প আরও বলেন, ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে চায়, যাতে টেকসই শান্তি আনা যায়। ইউক্রেনীয়দের চেয়ে শান্তি আর কেউ বেশি চায় না।

ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার সঙ্গেও তার ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে এবং মস্কো থেকেও শান্তি প্রতিষ্ঠার ‘শক্তিশালী সংকেত’ পাওয়া যাচ্ছে। ‘এটা কতই না সুন্দর হবে! যুদ্ধ থামানোর সময় এসেছে, হত্যাযজ্ঞ বন্ধ করার সময় এসেছে, এই অযৌক্তিক যুদ্ধের ইতি টানার সময় এসেছে,’ বলেন তিনি।

তবে কংগ্রেসে দেওয়া ভাষণে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধের নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

ট্রাম্প জানান, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি করতে প্রস্তুত, যা ওয়াশিংটনের মতে ইউক্রেনের সামরিক সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

রয়টার্সকে চারটি সূত্র জানায়, এই চুক্তির বিপরীতে সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছিল ট্রাম্প প্রশাসন, যা তিনি পরে স্থগিত করেন। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার ফক্স নিউজকে জানান, এমন কোনো চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নেই।

এ বিষয়ে ট্রাম্প আর কোনো ব্যাখ্যা দেননি, ফলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সঙ্গে বসছে’। তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে।

ওদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button