International

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করার পর শনিবার কার্যক্রম স্থগিত করা হয়েছে স্থানীয় বিমানবন্দরের।

শুক্রবার সন্ধ্যায় ফ্লোরেস দ্বীপের ১ হাজার ৫৮৪ মিটার উঁচু দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড়টি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে। দেশটির আগ্নেয়গিরি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বড় অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি শিখর থেকে ছাই ছড়িয়ে পড়ে ছয় কিলোমিটার ওপরে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা আগ্নেয়গিরির সতর্কতা সর্বোচ্চ চার স্তরে উন্নীত করার পরে ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়। ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের আগ্নেয়গিরি থেকে কমপক্ষে ছয় কিলোমিটার দূরে থাকতে বলেছে। তার মতে, আগ্নেয়গিরির ছাই বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করতে পারে। ওয়াফিদ আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলে বিপজ্জনক লাহার বন্যা (আগ্নেয়গিরির পদার্থের এক ধরণের কাদা বা ধ্বংসাবশেষ) প্রবাহের আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ফ্লোরেসের মাউমেরে শহরে অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রদানকারী একটি বিমানবন্দর অগ্ন্যুৎপাতের পর তাদের কার্যক্রম স্থগিত করেছে। ফ্রান্স সেদা বিমানবন্দরের প্রধান পারতাহিয়ান পাঞ্জাইতান এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ রবিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সিদ্ধান্ত নেবে বিমানবন্দর পুনরায় খোলার ব্যাপারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button