Science & Tech

ওপেনএআই আনল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ওথ্রি-প্রো; যে সুবিধা পাওয়া যাবে

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই তাদের সর্বশেষ রিজনিং মডেল ওথ্রি-প্রো উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে দক্ষ ও উন্নত মডেল। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানায়, পূর্ববর্তী সংস্করণ ওথ্রির তুলনায় নতুন এই মডেল লেখালেখি, প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ, গণিত ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। পর্যালোচকদের উদ্ধৃতি দিয়ে ওপেনএআই বলেছে, ওথ্রি-প্রো পরিপূর্ণতা, নির্দেশনা অনুসরণ এবং নির্ভুলতার দিক থেকে আগের যেকোনো মডেলের তুলনায় এগিয়ে। বর্তমানে ওথ্রি-প্রো ওপেনএআইয়ের প্রোগ্রামিং ইন্টারফেস এবং চ্যাটজিপিটি প্রো ও টিম সংস্করণে ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে। আগামী সপ্তাহে এটি এন্টারপ্রাইজ ও এডু গ্রাহকদের জন্য চালু করা হবে।

রিজনিং মডেল এমন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা কোনো সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধানে পৌঁছাতে পারে। ওপেনএআই বলছে, এই পদ্ধতির ফলে ফলাফল হয় আরও নির্ভরযোগ্য ও যুক্তিযুক্ত। প্রতিষ্ঠানটির দাবি, ওথ্রি-প্রো বিশেষত গণিত, বিজ্ঞান ও কোডিংয়ের মতো জটিল কাজগুলোতে দারুণ দক্ষতা দেখাতে সক্ষম। প্রকাশিত বেঞ্চমার্ক ফলাফলেও দেখা গেছে, এটি আগের দুটি সংস্করণ ওয়ান-প্রো এবং ওথ্রির চেয়ে এগিয়ে।

তবে রিজনিং মডেলকে ঘিরে কিছু সীমাবদ্ধতার বিষয়ও সামনে এসেছে। অ্যাপলের গবেষকেরা এক পরীক্ষায় দেখিয়েছেন, ক্ল্যাসিক ধাঁধা ‘টাওয়ার অব হ্যানয়’ সমাধানে ওপেনএআইয়ের ওথ্রি-মিনি মডেল জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং শেষ পর্যন্ত সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে, যদিও কম্পিউটিং ক্ষমতা যথেষ্ট ছিল। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি ছিল একটি নির্দিষ্ট পরিস্থিতিতে পরিচালিত পরীক্ষা। সেখানে মানুষের পারফরম্যান্সের সঙ্গে মডেলের তুলনাও করা হয়নি। এর ফলে রিজনিং মডেলের সামগ্রিক দক্ষতা সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে এ গবেষণা এককভাবে যথেষ্ট নয়।

ওথ্রি-প্রো চ্যাটজিপিটির বিভিন্ন টুল ব্যবহারের সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে ওয়েব ঘেঁটে তথ্য আনার সুবিধা, পাইথন চালানো, নথিপত্র বিশ্লেষণ এবং আগের আলাপচারিতার ভিত্তিতে ব্যবহারকারীর জন্য ব্যক্তিকৃত উত্তর তৈরির সক্ষমতা। তবে এই মডেলে এখনো ছবি তৈরির সুবিধা বা ওপেনএআইয়ের প্রজেক্টভিত্তিক ক্যানভাস ইন্টারফেস সমর্থিত নয়। এ ছাড়া টুল ব্যবহারের কারণে ওথ্রি-প্রো দিয়ে উত্তর পেতে সময় কিছুটা বেশি লাগতে পারে বলেও জানিয়েছে ওপেনএআই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button