Trending

কেরালায় রাসায়নিকসহ জাহাজডুবি : পানিতে মিশলে যেসব ক্ষতির আশঙ্কা

ভারতের কেরালা উপকূলে ডুবে গিয়েছে লাইবেরিয়ার জাহাজ। জাহাজটির ২৪ জন নাবকিকেই উদ্ধার করা হয়েছে। কিন্তু জাহাজে ছিল বিষাক্ত রাসায়নিকের কনটেইনার। কোস্ট গার্ডের আশঙ্কা, কনটেইনারে থাকা বিষাক্ত রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইড সমুদ্রের পানিতে মিশলে ক্ষতি হতে পারে সামুদ্রিক জীব ও মানুষের।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া জাহাজটির ট্যাংকারে রয়েছে টন টন তেল। সেই তেলও পানিতে মেশার সম্ভাবনা রয়েছে। দূষণ মোকাবেলার জন্য সক্ষম জাহাজ মোতায়েন করেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।

তেল সমুদ্রে ছড়ালে তা ম্যাপিং করার জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমানও উড়ছে আকাশে।

অন্যদিকে প্রশ্ন উঠছে, লাইবেরিয়ার জাহাজটিতে যে ক্যালসিয়াম কার্বাইড ছিল, তা সমুদ্রে মিশলে কতটা ক্ষতি হতে পারে? ভারতীয় কোস্ট গার্ড সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, জাহাজটিতে ১৩টি ‘বিপজ্জনক’ বস্তুর কনটেইনার ছিল। তার মধ্যে ১২টিতে ছিল ক্যালসিয়াম কার্বাইড।

রংবিহীন কঠিন রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইডকে ক্যালসিয়াম অ্যাসিটাইলাইডও বলে।

ক্যালসিয়াম অক্সাইড ও কার্বনের বিক্রিয়ায় এই রাসায়নিক তৈরি হয়। ফল পাকানোর কাজে ব্যবহার করা হয় এটি। এ ছাড়া এই ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, যা রাসায়নিক দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। পানির সংস্পর্শে এলেই এই ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। অ্যাসিটিলিন গ্যাস নিজেও দাহ্য। সে কারণে আগুন লাগার ঝুঁকি থেকেই যায়।

পানির সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড মিশলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তা পানিরই অম্লত্ব বৃদ্ধি করে। জাহাজের কনটেইনার থেকে ওই রাসায়নিক পানিতে মিশলে সমু্দ্রের পানির পিএইচ মানের হেরফের হবে। এর ফল ভুগবে সামুদ্রিক জীবরা। তাদের স্বাস্থ্য, বংশবৃদ্ধিও প্রভাবিত হতে পারে। পানিতে অ্যাসিটিলিন গ্যাস মিশলে তার মান নষ্ট হয়। সেই পানি পান করলে বা চাষের কাজে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। স্নায়ুরোগ পর্যন্ত হতে পারে।

এসব কারণেই সতর্কতা জারি করেছে কেরালা সরকার। মৎস্যজীবীদেরও নজর রাখতে বলেছে, পানিতে কোনো কনটেইনার ভাসছে কিনা দেখতে। রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করেছে। সমুদ্রে কিছু বস্তু ভেসে এলে তা ধরতে নিষেধ করেছে।

কোস্ট গার্ড সূত্র আরো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ ভারতের কাছে সাহায্য চেয়ে পাঠায় লাইবেরিয়ার ওই পণ্যবাহী জাহাজ। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে ভারতীয় কোস্ট গার্ড। পরে রবিবার সকালে সেই জাহাজটি পুরোপুরি সমুদ্রে ডুবে যায়।

কোস্ট গার্ড তাদের এক্স হ্যান্ডলে জানায়, জাহাজে থাকা ২১ জনকে শনিবার উদ্ধার করেছে তারা। এরপর উদ্ধারকাজে নামে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুজাতা ওই জাহাজ থেকে আরো তিন নাবিককে রবিবার উদ্ধার করেছে। জাহাজের ট্যাংকারে ছিল ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭.১ মেট্রিক টন ফার্নেস তেল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button