International

ট্রাম্পের নতুন নির্দেশনা: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর আসতে পারে নিষেধাজ্ঞা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্দেশনা আরেকটি ভ্রমণ নিষেধাজ্ঞার ভিত্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার প্রকাশিত এই নির্বাহী আদেশটি বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা মুসলিম ধর্মাবলম্বী বিদেশি নাগরিকদের লক্ষ্যবস্তু করতে এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ব্যবহার করা হতে পারে। খবর- আলজাজিরা

আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্পের (আইআরএপি) আইনজীবী দীপা আলাগেনের মতে, ২০১৭ সালে নিজের প্রথম মেয়াদে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প, নতুন এই আদেশটি তার চেয়েও বড় এবং ক্ষতিকর হতে পারে। নতুন এ নির্দেশনার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, এটির মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের বাইরের লোকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, বরং যুক্তরাষ্ট্রে বসবাস করা লোকজনকে দেশটি থেকে বের করে দেওয়ার ভিত্তি হিসেবেও ব্যবহার করা হতে পারে এটি।

নতুন আদেশে যাচাই-বাছাইয়ের তথ্য ঘাটতি থাকা দেশগুলো থেকে নাগরিকদের প্রবেশের ওপর আংশিক বা সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের সংখ্যা চিহ্নিত করা এবং তাদের কার্যক্রম সম্পর্কে ‘প্রাসঙ্গিক’ তথ্য সংগ্রহের আহ্বানও জানানো হয়েছে নতুন ডিক্রিতে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থাগুলোর শীর্ষস্থানীয় আইনজীবীরা এই আদেশকে ভীতিকর আখ্যা দিয়ে বলেছেন, ‘বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা’ নামে এই ডিক্রি ২০১৭ সালের ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়েও বেশি ক্ষতি করতে পারে। 

বিশেষজ্ঞরা বলেন, নতুন এই আদেশের অস্পষ্ট ভাষা ‘ভীতিকর’। কারণ, এটি দেশটির প্রশাসনিক সংস্থাগুলোকে তাদের লক্ষ্যবস্তু করা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার বিস্তৃত কর্তৃত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যান্য অ্যাডভোকেসি গ্রুপগুলোও এই আদেশটি প্রকাশের পর থেকে নিন্দা করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button