Science & Tech

দূর মহাকাশে পৃথিবীর আকারের তিনটি গ্রহ আবিষ্কার

দূর মহাকাশে পৃথিবীর মতো তিনটি গ্রহ খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষক দল নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ ব্যবহার করে এই তিনটি গ্রহের অস্তিত্ব শনাক্ত করেছেন। তারা জানিয়েছে, এই গ্রহগুলো টিওআই-২২৬৭ নামের একটি দ্বৈত তারকা ব্যবস্থার কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এগুলো প্রায় ১৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

এই গবেষণা শুক্রবার (২৪ অক্টোবর) অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, টিওআই-২২৬৭–তে দুটি তারা একে অপরকে ঘিরে আবর্তন করছে এবং এক তারকার চারপাশে আবিষ্কৃত হয়েছে তিনটি পৃথিবী-আকারের গ্রহ।

গবেষণার প্রধান লেখক সেবাস্তিয়ান জুনিগা-ফার্নান্দেজ জানান, এটি প্রথম কোনো দ্বৈত তারকা ব্যবস্থা যেখানে দুই তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে।
বিজ্ঞানীরা আগে মনে করতেন, দুই তারকার উপস্থিতিতে জটিল গ্রহীয় ব্যবস্থা গড়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই আবিষ্কার সেই ধারণাকে বদলে দিয়েছে।

গবেষকরা মনে করছেন, এই নতুন আবিষ্কার ভবিষ্যতের পর্যবেক্ষণ এবং গ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও উন্নত ভূমিভিত্তিক টেলিস্কোপগুলো দিয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা যাবে।

গবেষণার সহ-লেখক ফ্রান্সিসকো পোজুয়েলোস বলেন, এই ব্যবস্থা দেখাবে কীভাবে পাথুরে গ্রহগুলো কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। তিনি জানান, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা ও ঘনিষ্ঠ তারকা যুগল, যেখানে উভয় তারকার চারপাশেই গ্রহ প্রদক্ষিণ করছে। এটা একেবারেই বিরল ঘটনা।

বিজ্ঞানীরা মনে করছেন, এই নতুন গ্রহগুলো মহাবিশ্বে গ্রহ গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাদের গ্যালাক্সিতে গ্রহের বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হয়ে থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button