Trending

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক জোরদারে চুক্তির আহ্বান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বিশেষ করে তৈরি পোশাক খাতের অন্যতম বৃহৎ বাজার। বাণিজ্য সম্ভাবনা এবং সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগাতে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি সম্পাদন জরুরি।’ এ সময় তিনি বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর (বাণিজ্য বিভাগ) পল জি. ফ্রস্ট এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট। তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।

পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button