Science & Tech

মহাকাশে নতুন একগুচ্ছ ছায়াপথের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

পৃথিবী থেকে প্রায় ১ হাজার ২০০ কোটি আলোকবর্ষ দূরে নতুন একগুচ্ছ ছায়াপথের (গ্যালাক্সি) সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি বিশ্লেষণ করে কসমস ওয়েব নামের একটি অঞ্চলে কাছাকাছি অবস্থান করা দেড় হাজারের বেশি ছায়াপথ শনাক্ত করা হয়েছে। ছায়াপথের অন্যতম বৃহৎ সংকলন বলা হচ্ছে ছায়াপথগুচ্ছটিকে। নতুন এ আবিষ্কার ছায়াপথের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন তথ্য দেবে।

বিজ্ঞানীদের তথ্যমতে, মহাবিশ্ব আসলে কত বড় বা এখানে কত বড় কাঠামো রয়েছে, তা নিয়ে নতুন তথ্য দিচ্ছে নতুন আবিষ্কৃত গুচ্ছ ছায়াপথগুলো। এসব ছায়াপথ গোষ্ঠী ও ক্লাস্টার ডার্ক ম্যাটার, উত্তপ্ত গ্যাস ও বিশাল কেন্দ্রীয় ছায়াপথে ভরা। প্রায়ই অতিবৃহৎ কৃষ্ণগহ্বরকে ধারণ করে এসব গুচ্ছ ছায়াপথ। আর তাই বিভিন্ন উপাদানের মধ্যে জটিল মিথস্ক্রিয়া ছায়াপথের জীবনচক্র গঠনসহ গোষ্ঠী ও ক্লাস্টারের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাজাগতিক কাঠামোর সম্পূর্ণ ইতিহাস উন্মোচন করা সম্ভব হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গাসেম গোজালিয়াসল বলেন, ‘আমরা মহাবিশ্ব গঠনের প্রথম সময়কার কিছু গ্যালাক্সি প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমরা ১ হাজার ৬৭৮টি গ্যালাক্সি গ্রুপ বা প্রোটো-ক্লাস্টার শনাক্ত করেছি। এখন পর্যন্ত শনাক্ত করা গ্যালাক্সি গ্রুপের মধ্যে এই আবিষ্কার বৃহত্তম ও গভীরতম নমুনা। এই নমুনার সাহায্যে আমরা গত এক হাজার ২০০ কোটি বছরের গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে জানতে পারব।

খুব ক্ষীণ ছায়াপথগুলো বর্তমানে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে ছায়াপথ দেখতে কেমন ছিল তার আভাস পাওয়া যাচ্ছে এসব ছায়াপথে। নতুন এসব ছায়াপথের তথ্য অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (এএন্ডএ) সাময়িকীতে শিগগিরই প্রকাশ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button