Science & Tech

১৮ ঘণ্টা ভ্রমণ করে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় পাঁচ মাসের মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে তারা অবতরণ করেন স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে করে।

নভোচারীরা হলেন—মার্কিন অ্যান ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি, এবং রাশিয়ার কিরিল পেসকভ। আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ১৮ ঘণ্টা ভ্রমণ করে তারা পৃথিবীতে ফেরেন। প্রবল গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের তাপমাত্রা এক হাজার ৯২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এরপর বিশাল প্যারাসুট খুলে গতি ঘণ্টায় ২৮,১০০ কিলোমিটার থেকে ২৫ কিলোমিটারে কমিয়ে সমুদ্রে নরমভাবে অবতরণ করে ক্যাপসুলটি।

ক্রু-১০ নামে পরিচিত এই দল ১৪৬ দিনের মিশনে উদ্ভিদের বৃদ্ধি, মাধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া সহ ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। নাসা জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ ও সময়-সংবেদনশীল গবেষণার ফলাফল নিয়ে ফিরেছেন।

অবতরণের পর স্পেসএক্সের জাহাজ ক্যাপসুলটি উদ্ধার করে তোলার পর নভোচারীরা কয়েক মাস পর প্রথমবারের মতো পৃথিবীর বাতাস গ্রহণ করেন। এ মিশনের মাধ্যমে নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে মহাকাশ স্টেশনে দশম ক্রু রোটেশন মিশনের সমাপ্তি ঘটল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button