
ডোনাল্ড ট্রাম্প’ এখন সরকারি হেফাজতে! কোরবানি নয়, জায়গা হতে পারে চিড়িয়াখানায়
ঈদুল আজহার আগে সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হওয়া সাদা রঙের সেই অদ্ভুত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে এবার এলো নতুন চমক!
কোরবানির জন্য কেনা হলেও শেষ পর্যন্ত আর জবাই হচ্ছে না এই আলোচিত মহিষটি। বরং সেটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
দেশজুড়ে আলোচনায় থাকা বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটি এবার চলে গেছে সরকারি হেফাজতে। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষটিকে ঘিরে ঈদের সময় বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি নিজেই মহিষটি কিনে নিয়েছেন।
তিনি বলেন,
“ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। এটিকে কোরবানি না দিয়ে সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে চিড়িয়াখানায়ও রাখা হতে পারে।”
কীভাবে ভাইরাল হলো ‘ডোনাল্ড ট্রাম্প’?
নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই অ্যালবিনো মহিষটির চুল ও চোখের অদ্ভুত রঙ দেখে মজা করে নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে খামারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি ভাইরাল হয়ে যায় মহিষটি।
শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় এই বিরল মহিষ। ঈদের পশুর হাটে এটিকে দেখতে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
কোরবানি থেকে চিড়িয়াখানা!
রোজার ঈদের পর কেরানীগঞ্জের এক ব্যবসায়ী মহিষটি কিনে নেন। কয়েকদিন আগেই নানা আয়োজন করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। কিন্তু ঈদের আগের দিন হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্র জানায়, পরে সিদ্ধান্ত হয় মহিষটিকে আর কোরবানি দেওয়া হবে না। আপাতত এটি একটি খামারে রাখা হয়েছে। ভবিষ্যতে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে বিরল এই অ্যালবিনো মহিষটি সংগ্রহ করেছিল রাবেয়া অ্যাগ্রো ফার্ম। খামারটিতে আরও কয়েকটি অ্যালবিনো মহিষ রয়েছে বলেও জানা গেছে।
একটি ভাইরাল ভিডিও থেকে শুরু, আর এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ!







