Hot

সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে পড়েছে

জুলাই সনদ অনুষ্ঠানে গিয়ে যারা এই সনদে স্বাক্ষর করেছে, তারা গণ-অভ্যুত্থানের চেতনা এবং জনগণের কাছ থেকে ছিটকে গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি জাতীয় রাজনীতি থেকে ছিটকে গেল কিনা- এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা নই, বরং যারা গতকালের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে, তারা গণ-অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে ছিটকে গেছে।

তিনি বলেন, আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক, যেই জনগণ গণ-অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি।

এনসিপি’র এই নেতা বলেন, আরেকটি কথা- একটা ছবি দেখি, কে আসলো, কে না আসলো, আমরা আসলাম, কি আসলাম না- এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। অভ্যুত্থানের পর আমরা সব দায়িত্ব অধ্যাপক ইউনূসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি ফ্যাসিবাদবিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম-ছাত্র-জনতা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।

নাহিদ আরও বলেন, একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের উপহার দিন। সাংবিধানিক সংস্কার করুন। দেশের অর্থনৈতিক সংস্কার করুন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে নেতৃত্ব দিন। তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদের সরকারে প্রবেশ করতে হয়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল।
তিনি আরও বলেন, আমরা এখনো যেটা মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশ তৈরি হওয়া আসলেই সম্ভব, সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া। কোনো রাজনৈতিক দল, সরকার যদি এগিয়ে আসে- আমরা তাদের সমর্থন করবো। আমরা তাদের সঙ্গে থাকবো। কিন্তু কেউই যদি না থাকে, তবুও আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাবো।

এনসিপি’র আহ্বায়ক বলেন, আমাদের লড়াইটা কেবল শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে।
জুলাই আহতদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে এর বিচারের দাবি করেছে এনসিপি। একইসঙ্গে বিএনপি নেতা জুলাই আহতদের আওয়ামী দোসর বলায় নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব, উনি গতকালের ঘটনায় জুলাইযোদ্ধা যারা আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাহিদ বলেন, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এমনটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না- সেহেতু হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোয় জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি।
আখতার বলেন, এনসিপি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। একইসঙ্গে জনগণকে পাশে নিয়ে কর্মসূচি চলবে।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া নিয়ে নিজেদের বক্তব্য জানাতে এ সম্মেলনের আয়োজন করে এনসিপি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button