Hot

তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করবেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনিসহ বিএনপি’র তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন। গতকাল বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। সকাল ১০টা নির্বাচন কমিশন অফিসে কপি জমা দিয়ে তারপর শেরেবাংলা থানা মামলার আবেদন করা হবে। 
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে। 

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেএম নূরুল হুদার অধীন এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন আয়োজন করে। এই তিনটি নির্বাচনই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ ছিল। ২০১৪ সালের নির্বাচনকে বিনা ভোটের ২০১৮ সালের নির্বাচনকে রাতের ভোট এবং ২০২৪ সালের নির্বাচনকে ডামি নির্বাচন হিসেবে আখ্যা দেয়া হয়। নির্বাচনের পর নানা অনিয়মের তথ্য প্রকাশ হলেও সংশ্লিষ্ট নির্বাচন কমিশন তা তদন্তের কোনো উদ্যোগ নেয়নি; বরং নির্বাচনের বৈধতা দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button