Science & Tech

দুই ভাগ হয়ে যাবে আফ্রিকা মহাদেশ, কীভাবে

পৃথিবীর অন্যতম বড় মহাদেশ আফ্রিকা। তবে ভবিষ্যতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এই মহাদেশ। শুধু তা–ই নয়, আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে নতুন এক মহাসাগর তৈরি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটোনিক প্লেটের পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাওয়ার মাধ্যমে আলাদা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে প্রায় পাঁচ কোটি বছর পরে আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে। আফ্রিকা মহাদেশ বিভক্ত হওয়ার ঘটনা শুনতে অবাক লাগলেও এ ধরনের ঘটনা পৃথিবীতে আগেও ঘটেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একসময় একসঙ্গে যুক্ত ছিল বলে জীবাশ্ম প্রমাণও রয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, আফ্রিকা মহাদেশের কেনিয়া, তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন রয়েছে। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। এখানেই আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে। আড়াই কোটি বছর ধরে আফ্রিকান টেকটোনিক প্লেটের মধ্যে এই ফাটল বিস্তৃত হয়ে পশ্চিমে নুবিয়ান প্লেট ও পূর্বে সোমালিয়ান প্লেট তৈরি হচ্ছে। এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। ভবিষ্যতে একসময় সমুদ্রের পানি প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে।

ভূতাত্ত্বিক ডেভিড অ্যাডেড বলেন, পূর্ব আফ্রিকার রিফটের টেকটোনিক ও আগ্নেয়গিরির কার্যকলাপের অতীত ইতিহাস রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, ভবিষ্যতে আফ্রিকায় নতুন ভূখণ্ড দেখা যাবে। সোমালিয়ান প্লেট নুবিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে। এই বিভক্তি লাখ লাখ বছর পরে দেখা যাবে। তখন নতুন এক পৃথিবীর মানচিত্র কিনতে হবে আমাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button