Science & Tech

পানির নতুন রূপ তৈরি করেছেন বিজ্ঞানীরা

পানির তিনটি রূপ সম্পর্কে আমরা জানি। কঠিন (বরফ), তরল ও বাষ্পীয় রূপে পানির অবস্থান দেখা যায়। তবে ভিনগ্রহে পানির আদৌও এমন রূপ রয়েছে কি না, তা নিয়ে অনেক তত্ত্ব চালু আছে। এবার পানির নতুন রূপ ‘প্লাস্টিক আইস সেভেন’ তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। অতীতে বেশ কয়েকটি তাত্ত্বিক মডেলে ‘প্লাস্টিক আইস সেভেন’-এর উপস্থিতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হলেও এবারই প্রথম পানির নতুন রূপ থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেল।

নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ফ্রান্সের ইনস্টিটিউট লাউ-ল্যাঞ্জেভিনের একদল বিজ্ঞানী সম্প্রতি উচ্চ ক্যালিবার যন্ত্র ব্যবহার করে পানিকে ৬ গিগাপ্যাসকেল চাপে ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পানির নতুন রূপ প্লাস্টিক আইস সেভেন তৈরি করতে সক্ষম হয়েছেন। পানির নতুন রূপ তৈরির জন্য বিজ্ঞানীরা কোয়াসি–ইলাস্টিক নিউট্রন স্ক্যাটারিং (কিউইএনএস) পদ্ধতি ব্যবহার করেছেন, যা হাইড্রোজেন পরমাণুর মতো ক্ষুদ্র কণার গতিবিধি শনাক্ত করতে পারে।

গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রা ও চাপের সম্মুখীন হলে প্লাস্টিক আইস সেভেনের মধ্যে হাইড্রোজেন একটি অণুবীক্ষণিক স্তরে ঘুরতে থাকে। এ বিষয়ে পদার্থবিদ মারিয়া রেসিগনো বলেন, প্লাস্টিক আইস সেভেনে তরল পানি ও কঠিন (বরফ) উভয়ের বৈশিষ্ট্য রয়েছে। তাই এমন নামকরণ করা হয়েছে। এতে হাইড্রোজেন পরমাণু কিছুটা বিশৃঙ্খল হলেও এর একটি অনন্য কাঠামো রয়েছে।

গবেষকদের তথ্যমতে, আমাদের সৌরজগতের বরফযুক্ত গ্রহ, যেমন নেপচুন, ইউরেনাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্লাস্টিক আইস সেভেন থাকতে পারে। এমন সন্ধান বরফযুক্ত গ্রহের ভূগতিবিদ্যা ও বৃহৎ বরফযুক্ত চাঁদের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button