
বড়াইগ্রামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি’র গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসা আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো মা-বাবা কনস্ট্রাকশনের মালিকের কাছ থেকে ক্রয় করেন আহম্মেদপুর এলাকার শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি মালিক শিহাব উদ্দিন। তিনি আহম্মেদপুর গ্রামের রফেজউদ্দিনের ছেলে। গত শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে তার বাড়িতে গুদামজাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার স্থানীয়রা পুলিশে খবর দেয়। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
কার্টিজগুলো নিয়ম মেনে কারখানায় ব্যবহার করার জন্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ক্রয় করেন শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি। গত রাতে ট্রাকে করে এনে গোডাউনে রেখেছেন। এ সময় শিহাব ক্রয়কৃত এমপি কার্টিজের বৈধ কাগজপত্র দেখান। এতে কোনো আইনি জটিলতা নেই। তিনি এটা কারখানাতে ব্যবহার করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।






