USA

মার্কিন নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন।

ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে—যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট রসনেফট এবং বেসরকারি কোম্পানি লুকঅয়েল।

যুক্তরাষ্ট্রে থাকা দুই প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দ করা হয়েছে, পাশাপাশি মার্কিন কোম্পানি ও নাগরিকদের তাদের সঙ্গে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র আরও হুঁশিয়ারি দিয়েছে যে, রসনেফট ও লুকঅয়েলের সঙ্গে ব্যবসা করা বিদেশি ব্যাংকগুলোও ‘সেকেন্ডারি স্যাংশন’-এর আওতায় পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে চীন, ভারত ও তুরস্কের ব্যাংকগুলোতে, যারা রুশ তেল কেনাবেচায় জড়িত।

এদিকে, ভারতের কিছু রিফাইনারি রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রয়টার্সের খবরে বলা হয়, ভারতের শীর্ষ আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল কেনা কমাতে বা সাময়িকভাবে বন্ধ করতে পারে।

নিষেধাজ্ঞার প্রভাব বিশ্ববাজারে ছড়িয়ে পড়ায় জ্বালানি কোম্পানি শেল ও বিপির শেয়ারমূল্যও প্রায় ৩ শতাংশ বেড়েছে।

এটি ট্রাম্প প্রশাসনের প্রথম রাশিয়া-সংক্রান্ত নিষেধাজ্ঞা, যা তিনি জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর জারি করলেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‌‘এগুলো খুব বড় নিষেধাজ্ঞা। আশা করি এগুলো দীর্ঘস্থায়ী হবে না, যুদ্ধ দ্রুত শেষ হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই পুতিন যুক্তিসংগত হোন, এবং (ইউক্রেনের প্রেসিডেন্ট) জেলেনস্কিও একইভাবে আচরণ করুন। আলোচনা ছাড়া সমাধান সম্ভব নয়।’

এদিকে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বৃহস্পতিবার কার্যকর হওয়ার কথা।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে। আমরা আমাদের মিত্রদের এই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানাই।’

বিশ্লেষকদের মতে, জুলাইয়ের পর এটি তেলের দামের সবচেয়ে বড় একদিনের উল্লম্ফন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button