USA

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে ট্রাম্পের প্রস্তাব স্থগিত করলেন আদালত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মধ্যরাতের আগে স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক বিচারক।

ফেডারেল বিচারক জর্জ ও’টুল জুনিয়র বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি করেছে ফেডারেল কর্মচারী ইউনিয়ন। এই মামলার গ্রহণযোগ্যতার (মেরিট) বিষয়ে আগামী সোমবার শুনানি হবে। শুনানির মাধ্যমে তিনি মামলাটির গ্রহণযোগ্যতা আছে কি না, তা ধার্য করতে পারবেন তিনি। সে পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনাটি স্থগিত থাকবে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা করছেন ট্রাম্প। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব ইতিমধ্যে ৪০ হাজারের বেশি কর্মচারী গ্রহণ করেছেন। আর কিছু কর্মচারী এ-সংক্রান্ত চুক্তির শর্ত নিয়ে দ্বিধান্বিত।

ফেডারেল কর্মচারীদের ট্রাম্পের প্রস্তাবটি গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়সীমার কয়েক ঘণ্টা আগে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে আদালত থেকে আদেশ এল।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন আইনজীবী বলেছেন, ফেডারেল কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে যে, স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে ট্রাম্প প্রশাসন ঘোষিত সময়সীমা স্থগিত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button