Trending

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা শহর পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। এই বিপুল অর্থের মধ্যে শুধু প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। 

জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে বুধবার (১২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি আরও জানায়, জাতিসংঘের মতে, ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এ কারণে গাজা ভূখণ্ড পুনর্গঠন ও চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় ৫৩ বিলিয়ন ডলার লাগবে। আর এই বিপুল অর্থের মধ্যে শুধুমাত্র প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। দীর্ঘ প্রায় ১৫ মাসের এই হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি নিয়ে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button