
রাজধানীর ১১ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১৩১
রাজধানীর ১১টি এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালের দিকে এসব মিছিল বের করে তারা। এসব ঘটনায় মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মিছিলের সময় কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল থেকে কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আবার কিছু নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। মিছিলগুলোতে ৫ থেকে ৩০ জনের মধ্যে নেতাকর্মী অংশ নেয়।
দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মী ৩০- ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেয়। এর কিছুক্ষণ আগে বেলা ১১টার একটু পর খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে ৩০ থেকে ৪০ জন ঝটিকা মিছিল করে, সেখানে মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে, নিউমার্কেটের বাটা সিগন্যাল, আসাদ গেটের আড়ংয়ের সামনে, যাত্রাবাড়ীর মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন, শেরেবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে, গুলশান পুলিশ প্লাজার সামনে, উত্তরা ৩ নম্বর সেক্টর ও ৮ নম্বর সেক্টরের সামনে মিছিল ও মিছিল করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করলে পল্টন থানা পুলিশ বায়তুল মোকাররমের সামনে থেকে মো. ওয়াসিম (৪০) ও মো. ফয়সাল (৩০) নামের দু’জনকে গ্রেপ্তার করে।
একইসময় রাজউক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মো. কায়েস হাসান (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উত্তরা পূর্ব থানা পুলিশ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন, গুলশান এলাকা হতে ২৪ জন, খিলক্ষেত থানা পুলিশ চারজন, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তিনজন, ধানমণ্ডি থানা পুলিশ ছয়জন, নিউমার্কেট থানা পুলিশ ছয়জন, শাহবাগ থানা পুলিশ তিনজন, মোহাম্মদপুর থানা পুলিশ আটজন, হাতিরঝিল থানা পুলিশ একজন, পল্টন থানা পুলিশ ছয়জন, মতিঝিল থানা পুলিশ ৪০ জনকে ও ডিবি ওয়ারী কর্তৃক ২২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।






