International

লরি-মিনিবাস সংঘর্ষে তানজানিয়ায় নিহত ২৮

তানজানিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৮ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ প্রধান বেঞ্জামিন কুজাগা জানান, শনিবার (৭ জুন) গভীর রাতে দক্ষিণ-পশ্চিম তানজানিয়ার জাম্বিয়া সীমান্তের কাছে ইওয়াম্বি পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় একটি মিনিবাস একটি নদীতে পড়ে যায়।

নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে বলে কুজাগা জানান। তিনি বলেন, লরির চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। খাড়া পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ঘটনার পর এক্স (সাবেক টুইটার)-এ শোক প্রকাশ করেছেন তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান।

তিনি লেখেন, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশটিতে সরকারি হিসাবে ৩,২৫৬ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তবে প্রকৃত সংখ্যাটি ১৩,০০০ থেকে ১৯,০০০-এর মধ্যে হতে পারে বলে ধারণা করা হয়।

এর আগে ২০২৪ সালে, দেশটির উত্তরে আরও একটি বড় দুর্ঘটনায় একজন আমেরিকান, একজন দক্ষিণ আফ্রিকান ও একজন কেনিয়ান নাগরিকসহ অন্তত ২৫ জন প্রাণ হারান। সেই ঘটনায় একটি ট্রাক তিনটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button