Trending

লিবিয়া উপকূলে উদ্ধার ২০ মরদেহ, সবাই বাংলাদেশি হওয়ার শঙ্কা

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। 

ভূমধ্যসাগরে নৌকাডুবির পর লিবিয়ার ব্রেগা উপকূল থেকে এ পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বাংলাদেশি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। 

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে আজ শনিবার রাত পৌনে ১০টায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মরদেহ ইতোমধ্যেই সমাহিত করা হয়েছে। মরদেহগুলো পচন ধরতে শুরু করেছিল। কেউই তাদের পরিচয় কিংবা জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, তারা সবাই বাংলাদেশি নাগরিক। 

আরও বলা হয়, মরদেহগুলো শনাক্ত করা যায় এমন কোনো নথিও পাওয়া যায়নি। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।’

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে আসে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। 

তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button