USA

অ্যাকাউন্ট বাতিলের মামলা: সমঝোতার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার দেবে মেটা

অ্যাকাউন্ট বাতিল–সংক্রান্ত একটি মামলায় সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়। এরই জের ধরে মেটার বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।

ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি থাকার কথা বুধবার মেটা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই সমঝোতার বিষয়টি প্রথম নজরে আনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মামলায় আসামি করা হয়েছিল মেটা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কমকর্তা মার্ক জাকারবার্গকে। এই সমঝোতার মাধ্যমে মামলায় ট্রাম্প জয় পেয়েছেন, তা বলাই চলে।

সমঝোতা চুক্তির বিষয়ে জানাশোনা আছে এমন ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আড়াই কোটি ডলারের মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার ট্রাম্পের ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল পাঠাগারের তহবিলে যুক্ত হবে। আর বাকি অর্থ এই মামলার অন্যান্য বাদীর আইনজীবীদের ফিসহ বিভিন্ন খরচ মেটাতে কাজে লাগানো হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের আনুষ্ঠানিক অনুমোদনের দিন মার্কিন ক্যাপিটলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। ওই হামলার পেছনে ট্রাম্পের উসকানি ছিল, এমন অভিযোগে মামলাও হয়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট বাতিল নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প।

তবে গত নির্বাচন ঘিরে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ট্রাম্পের দহরম–মহরম দেখা গেছে। ২০ জানুয়ারি রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জাকারবার্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ককে দেখা গিয়েছিল। দুজনই ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button