Science & Tech

ভুয়া তথ্যের সন্ধান পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে কমিউনিটি নোটস চালু করছে মেটা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়ে থাকে। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি বিপাকে পড়েন অনেকে। আর তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে সেগুলো মুছে ফেলার জন্য কমিউনিটি নোটস চালুর উদ্যোগ নিয়েছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।

মেটার তথ্য মতে, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোটস চালু করতে কাজ চলছে। এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মেটা। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।

এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময় স্পষ্ট বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। সে কারণে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। আর তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।’

এরই মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রায় দুই লাখ ব্যবহারকারী কমিউনিটি নোটস কার্যক্রমে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button