Science & Tech

ইউরেনাস গ্রহের আশেপাশে নতুন চাঁদ খুঁজে পেল নাসা

ইউরেনাস গ্রহের আশপাশে নতুন একটি চাঁদ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ছোট্ট এ নতুন চাঁদটি কেবল ১০ কিলোমিটার চওড়া ও এটি ইউরেনাসের আশপাশে ঘুরে বেড়ানো চাঁদ পরিবারের ২৯তম সদস্য।

বিজ্ঞানীদের অনুমান, নতুন চাঁদটি এতদিন লুকিয়ে থাকতে পেরেছে কেবল এর ছোট আকারের জন্য নয়, বরং ইউরেনাসের অন্যান্য চাঁদের তুলনায় এটি খুব ধীরে আলো বিচ্ছুরণ করে বা এর অল্প উজ্জ্বলতার কারণেও। ফলে আগের বিভিন্ন পর্যবেক্ষণে যেমন প্রায় ৪০ বছর আগে গ্রহটির পাশে দিয়ে যাওয়া ভয়েজার ২ মহাকাশযানের সময়েও ধরা পড়েনি এই চাঁদ।

গবেষকদের মতে, গ্রহটির আশপাশে এখনও অনেক এ ধরনের বস্তু লুকিয়ে থাকতে পারে, যেগুলো এখনো অনাবিষ্কৃত হিসেবেই রয়েছে। এক বিবৃতিতে এ গবেষণা দলের সদস্য ও ‘সেটি ইনস্টিটিউট’-এর ম্যাথিউ টিসকারেনো বলেছেন, “ইউরেনাসের মতো এত বেশি ছোট ছোট আকারের চাঁদ আর কোনও গ্রহের নেই।

তিনি জানান, “এসব চাঁদ ও ইউরেনাসের বলয় একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত, যা ইউরেনাসের অতীত সম্পর্কে অগোছালো বা বিশৃঙ্খল ইতিহাসেরই ইঙ্গিত দেয়। এ বিশৃঙ্খলতা এতটাই বেশি ছিল যে, কখন কোনটা রিং আর কোনটা চাঁদ, সেই সীমারেখা বোঝা কঠিন হয়ে গেছে। পাশাপাশি এ নতুন চাঁদটি আগের পরিচিত অন্যান্য চাঁদের চেয়ে আকারে ছোট এবং অনেক কম উজ্জ্বল। যার মানে হচ্ছে, ইউরেনাসের আশপাশে এখনও এমন অনেক কিছুই লুকিয়ে থাকতে পারে, যা এখনও আমাদের অজানা।”

ইউরেনাসের সব চাঁদের নাম রাখা হয়েছে শেক্সপিয়ার ও আলেকজান্দ্রা পোপের নাটক ও কবিতার চরিত্রদের নামে। নতুন আবিষ্কৃত চাঁদটি এমন একদল চাঁদের অংশ, যারা ইউরেনাসের বড় বড় চাঁদ, যেমন মিরান্ডা, অ্যারিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়া এবং ওবেরন এর কক্ষপথের আরও ভেতরের দিকে ঘোরে।

তবে এ নতুন চাঁদটির এখনো কোনো নাম রাখা হয়নি। মহাকাশে আবিষ্কৃত বিভিন্ন বস্তুর নাম রাখার দায়িত্ব ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন’ বা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার। তারা এ নতুন চাঁদটি অনুমোদন করলে তখন এর নাম ও পরিচিতি নির্ধারণ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button