Science & Tech

কেন মহাকাশবর্জ্য বাড়ছে

মহাকাশবর্জ্য নিয়ে বিজ্ঞানীরা বেশ দুশ্চিন্তা করছেন। কোনোভাবেই যেন এসব বর্জ্য কমানোর সুযোগ হচ্ছে না। বিশ্বজুড়ে ২০২৪ সালে কক্ষপথে প্রায় ২ হাজার ৯০০ বস্তু স্থাপন করা হয়েছে বলে এক তথ্যে জানা গেছে। একই সঙ্গে প্রায় ৩ হাজার ৬০০ বস্তু কক্ষপথে বর্জ্য হিসেবে জায়গা করে নেয়। এগুলোর ভেতর অনেক বিলুপ্ত কৃত্রিম উপগ্রহ ও খণ্ডিত ধাতব অংশ কক্ষপথে অবস্থান করেছে। ২০২৪ সালে পৃথিবী থেকে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশিসংখ্যক মহাকাশযান উৎক্ষেপণ অব্যাহত ছিল। প্রায় ২৬১টি প্রচেষ্টার মধ্যে ২৫৪টি উৎক্ষেপণ সাফল্যের মুখ দেখে। এতে ২ হাজার ৫৭৮টি কার্যকর কৃত্রিম উপগ্রহসহ মোট ২ হাজার ৯৬৩টি বস্তু কক্ষপথে স্থাপন করা হয়েছে। যদিও ২০২৩ সালে কক্ষপথে স্থাপন করা মোট বস্তু ছিল ৩ হাজার ১৩৫টি।

কৃত্রিম উপগ্রহ পাঠানোর পাশাপাশি চন্দ্র অভিযানের প্রতি নতুন করে আগ্রহের কারণে উৎক্ষেপণ বেড়েছে। ২০২৪ সালে কক্ষপথে বেশ কিছু দুর্ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। একটি চীনা লং মার্চ রকেট স্টেজ ভেঙে যাওয়ার কারণে মহাকাশে ধ্বংসাবশেষের তালিকায় প্রায় ৬৫০টি নতুন বস্তু যুক্ত হয়েছে। বছরের শেষ নাগাদ সব মিলিয়ে ৭০২টি খণ্ডিত বস্তু যুক্ত হয়। তথ্য বলছে, এ বছর ২ হাজার ৯৫টি তালিকাবদ্ধ বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করেছে। এগুলোর মধ্যে ৩৩৫টি স্টারলিংক উপগ্রহ ইচ্ছাকৃতভাবে কক্ষপথ থেকে বিচ্যুত হয়েছে বলে জানা গেছে। সৌর চক্র ২৫ শীর্ষে পৌঁছানোর কারণে চরম মাত্রার ভূচৌম্বকীয় ঝড় এসব উপগ্রহকে কক্ষপথ থেকে টেনে আনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button