
অস্ত্রোপচারের পর জীবনযুদ্ধে হারলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি
টাইটেল: সিঙ্গাপুরে অস্ত্রোপাচারের পর ওসমান হাদি আর নেই
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র ও একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়, হাদীর শারীরিক অবস্থা দিন দিন সংকটাপন্ন হয়ে পড়ছিল। চিকিৎসকদের একটি অংশ উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে রেফার করার পরামর্শ দিলেও শেষ পর্যন্ত পরিবার সিঙ্গাপুরেই অস্ত্রোপচারে সম্মতি দেয়। তবে অস্ত্রোপচারের পর তার অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হাদীর মৃত্যুর খবরে রাজধানীজুড়ে নেমে আসে শোকের ছায়া। তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এলাকা থেকে শোক মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। “তুমি কে, আমি কে—হাদী হাদী” স্লোগানের পাশাপাশি ভারতের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগানও শোনা যায়। ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষ এই শোক মিছিলে অংশ নেন।
বর্তমানে হাদীর মরদেহ সিঙ্গাপুরে অবস্থান করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে দাফন বা জানাজার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
হাদীকে ঘিরে পরবর্তী যেকোনো সিদ্ধান্ত বা কর্মসূচি সম্পর্কে জানতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের এই নেতার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।








